ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের ঊর্ধ্বতন প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। এ সময় উৎসব ঘিরে সাতটি বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদারের কথা জানানো হয়।
রবিবার (১৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী ও মাধব মন্দিরসংলগ্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার শামীমা পারভীন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির নেতা, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মণ্ডপের প্রস্তুতি ও পরিবেশ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।
বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।
কর্মকর্তারা জানান, দুর্গাপূজার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ, আনসার, ডিবি, বিজিবিসহ সাতটি বাহিনীর সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে পূজারি ও দর্শনার্থীদের নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করার আশা প্রকাশ করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









