নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে পূর্বাচল গ্রিন হার্টের প্রবেশ ফটক ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন কাঞ্চন পৌরবাজারে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার পূর্বাচল গ্রিন হার্ট আবাসন প্রকল্প ও কাঞ্চন পৌরবাজারে পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাঞ্চন পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঞ্চন পৌরসভার প্রশাসক মারজানুর রহমান। এ সময় বাজার কমিটির নেতারা ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কাঞ্চন পৌরবাজারে চলাচলের পথ সংকুচিত করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। নোটিশ দেওয়া ও মাইকিং করার পরও সংশ্লিষ্টরা স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, সরকারি অনুমোদন ছাড়াই পূর্বাচলের নাম ব্যবহার করে কিছু আবাসন প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্লট কিনে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে পূর্বাচল গ্রিন হার্ট আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে প্রবেশ ফটক ভেঙে দেওয়া হয়েছে।
অনুমোদনহীন আবাসন প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









