বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত জোরালোভাবে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রবিবার (৫ জুলাই) বিকেলে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করছে। তিনি বলেন,বিভিন্ন দেশের সঙ্গে নতুন নতুন দ্বিপাক্ষিক চুক্তির ফলে এখন নির্যাতনের শিকার কর্মীরা সরাসরি ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এই মুহূর্তে ১০টি দেশে আমাদের কর্মীদের জন্য সরাসরি সরকারি উদ্যোগে আইনি সহায়তা দেওয়া হচ্ছে, যা পর্যায়ক্রমে আরও অন্যান্য দেশেও সম্প্রসারণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রবাসে নির্যাতন বা বৈষম্যের শিকার হলে প্রবাসীরা কোনো প্রতিকার পেতেন না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ইতিমধ্যে বিশ্বের ১০টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য আইনি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে।
নারী কর্মীদের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে নারী কর্মীদের ওপর নির্যাতনের হার আগের তুলনায় অনেক কমে এসেছে। সরকার নারী কর্মীদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত মনিটরিং ব্যবস্থা জোরদার করছে।
প্রতিমন্ত্রী বরিশাল টিটিসি’র বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন। তিনি দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলে বিদেশে যাওয়ার পরামর্শ দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বরিশাল জেলা প্রশাসন ও টিটিসি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই আইনি সহায়তা ও কূটনৈতিক তৎপরতা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









