পঞ্চগড়ের আলোচিত তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনটিতে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, আফরোজ শাহীন খসরুকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী সচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। তবে প্রজ্ঞাপন জারির পর বিষয়টি রবিবার (৫ জুলাই) সপ্তাহের প্রথম কর্মদিবসে জানাজানি হয়।
এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন জানান, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তেঁতুলিয়ার ইউএনও-কে সংযুক্ত করার বিষয়টি তিনি অবগত আছেন। তবে আদেশ জারির পরও সংশ্লিষ্ট কর্মকর্তা এখনো তেঁতুলিয়াতেই কর্মরত রয়েছেন এবং কর্মস্থল ত্যাগ করেননি।
উল্লেখ্য, এর আগে ইউএনও আফরোজ শাহীন খসরুর বদলির খবর ছড়িয়ে পড়লে গত ২৯ জুন উপজেলা কার্যালয়ের সামনে ঊর্মি আক্তার নামে এক নারী ফেসবুক লাইভে এসে ইউএনও’র কাছে দেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত দাবি করেন। একই দিন তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দাখিল করেন।
এরপর গত ১ জুলাই উপজেলা কার্যালয়ের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে ঊর্মি আক্তারের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। অন্যদিকে, ফেসবুক লাইভের ঘটনাটিকে ‘মিথ্যা ও সাজানো’ দাবি করে উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন।
এর আগে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আফরোজ শাহীন খসরুকে তারাগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছিল। তবে ঘুষ সংক্রান্ত অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি করে তাকে সরাসরি মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।র গত ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি করে তাকে সরাসরি মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









