নোয়াখালীর হাতিয়ায় সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তোলায় এক প্রধান শিক্ষককে বেঁধে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সড়ক বিভাগের কার্যসহকারী বশির আহম্মেদের বিরুদ্ধে।
শুক্রবার (২৩ অক্টোবর) ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সকালে জাহাজমারা-মোক্তারিয়া সড়কের আসাদনগরে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তারা সড়ক অবরোধ করে নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উত্তর-পশ্চিম জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল আলম সড়কের উন্নয়নকাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি কাজের নকশা ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্র দেখতে চাইলে কার্যসহকারী বশির আহম্মেদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে বেঁধে পেটানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষক। শ্রমিকদের তাঁকে বেঁধে রাখার নির্দেশ দেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মাহবুবুর রহমান বলেন, নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় একজন শিক্ষককে হুমকি দেওয়া দুঃখজনক ও অগ্রহণযোগ্য। স্থানীয় বাসিন্দা সৈকত মোল্লার অভিযোগ, এর আগেও ওছখালী ও জাহাজমারা বাজার এলাকায় সড়কের কাজ নিয়ে বশির আহম্মেদের সঙ্গে স্থানীয়দের বিরোধ হয়েছে।
প্রধান শিক্ষক আশ্রাফুল আলম বলেন, সড়কে নির্ধারিত পরিমাণ কার্পেটিং দেওয়া হচ্ছে না বলে তার অভিযোগ। বিষয়টি জানিয়ে নকশা ও অনুমতিপত্র দেখতে চাইলে সংশ্লিষ্টরা ক্ষিপ্ত হন। এ সময় বশির আহম্মেদ তাকে মারতে তেড়ে আসেন এবং শ্রমিকদের বেঁধে রাখতে বলেন বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে বশির আহম্মেদ বলেন, প্রচণ্ড তাপদাহের মধ্যে কাজ করতে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে কথা-কাটাকাটি হয়েছে। এ জন্য তিনি ক্ষমা চেয়েছেন।
নোয়াখালী সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মহিবুল্লাহ সুমন বলেন, সড়কের কাজ সঠিকভাবে হচ্ছে। কাজের নকশা দেখতে চাইলে অফিসে এসে তা দেখা যাবে। তবে প্রধান শিক্ষকের সঙ্গে কর্মচারীর এমন আচরণ ঠিক হয়নি। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাহাজমারা থেকে মোক্তারিয়া ঘাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক নির্মাণ ও উন্নয়নকাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনন্ত বিকাশ ত্রিপুরা। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ছয় মাস আগে শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









