পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়েছে। ‘বন্ধুত্বের বন্ধনে বর্ণিল ৬২’ প্রতিপাদ্যে উৎসবটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উৎসবের উদ্বোধন করেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এরপর বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রাক্তন প্রধান শিক্ষক রাহেলা খানম, বর্তমান প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, শ্রী অলোক কুমার কুন্ডু, মো. আবু বক্কার, মাওলানা মো. আব্দুস সালাম ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।

উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এর আগে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও অতিথির অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিদ্যালয় প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো হয়। দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়জীবনের স্মৃতিচারণ করেন। মঞ্জুয়ারা রশীদের সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও দলীয় সংগীত পরিবেশিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









