বিশ্বকে পোলিওমুক্ত করার অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক পোলিও দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য সচেতনতা র্যালির আয়োজন করেছে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ বাংলাদেশের যশোর জোন। ‘পোলিও নির্মূলে এখনই পদক্ষেপ ২০২৬’ কর্মসূচির আওতায় শনিবার বিকেলে র্যালিটি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যালিটি যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, দড়াটানা, চিত্রা মোড় ও লাবণ্যচত্বর প্রদক্ষিণ করে যশোর ইনস্টিটিউটের টাউন হল ময়দানে শেষ হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মসূচির চেয়ারম্যান কাজী আজিজুর রহমান রনি। তিনি বলেন, পোলিওমুক্ত বাংলাদেশ একটি সফল অর্জন হলেও বিশ্বব্যাপী সংক্রমণের ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। তাই জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও জানান, ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী পোলিও নির্মূলের উদ্যোগ নেয়। এরপর থেকে বিশ্বে পোলিও সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোর জোনের প্রতিটি ক্লাব ও সদস্য সম্মিলিতভাবে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ বাংলাদেশের যশোর জোনের প্রশাসনিক সমন্বয়ক রোটারিয়ান খাইরুল কবির চঞ্চল, প্রেসক্লাব যশোরের সভাপতি রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রোটারিয়ান এ জেড এম সালেকসহ বিভিন্ন পর্যায়ের রোটারিয়ানরা।
এ ছাড়া যশোর জোনের বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি, ২০২৬-২৭ মেয়াদের ইন্টারঅ্যাক্ট ক্লাবের সভাপতিরা, রিপসা দলের সদস্য এবং রোটার্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পোলিও প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক অংশগ্রহণ জরুরি। এ লক্ষ্য অর্জনে র্যালিসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









