ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদনোয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল সেনগাঁও ইউনিয়নের নোহালী গ্রামের কালামের ছেলে। তিনি স্থানীয় ডেকোরেশন ব্যবসায়ী শাহ আলমের প্রতিষ্ঠানে কাজ করতেন।
গুরুতর আহত অবস্থায় তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। পরে অ্যাম্বুলেন্সে দিনাজপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, তদন্তে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, হাজীপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর মামুনের বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ পেয়েছিলেন শাহ আলম। শুক্রবার সকালে সেখানে লাইট লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়সাল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









