লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারকে পলিথিনমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে হায়দরগঞ্জ প্রবাসী কল্যাণ ফোরাম।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা বাজারের বিভিন্ন স্থান থেকে পলিথিন ও ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন করেন।
অভিযানে উপস্থিত ছিলেন মধ্য উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন হারুন, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল, শামীম আশরাফ, মডেল কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, মডেল স্কুলের সহকারী শিক্ষক তামান্না আক্তার, মো. রিয়াজ হোসেন, সাফিয়া মেডিসিন সেন্টারের মালিক মো. সবুজ, রিমন, রাজিব, সিয়াম, আজগর মোবারক ও মো. শাহিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অভিযানে অংশগ্রহণকারীরা বলেন, যত্রতত্র পলিথিন ও বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষিত হয়। পরিচ্ছন্ন বাজার গড়তে পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, এক দিনের অভিযান নয়, বাজার পরিচ্ছন্ন রাখার উদ্যোগকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, হায়দরগঞ্জ প্রবাসী কল্যাণ ফোরামের এ উদ্যোগ স্থানীয়ভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









