ময়মনসিংহের গৌরীপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর চন্দ্রপাড়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত মাজহারুল ইসলাম আকাশের বাবা। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহতের স্বজনেরা জানান, রোববার রাতে আব্দুল বারেক বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্থানীয় বয়রা বাজারে চা পান করতে যান। পরে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বারচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। একপর্যায়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের একটি ক্ষেতে ফেলে রেখে যায়।
স্বজনদের দাবি, ঘটনার পর আব্দুল বারেকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর মেয়ের নম্বরে কল করা হয়। ফোনের অপর প্রান্ত থেকে একজন হামলার বিষয়টি জানিয়ে বলেন, আমরা তোমার বাবাকে মারতে চাইনি। এ খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আব্দুল বারেককে উদ্ধার করেন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা আরও জানান, মৃত্যুর আগে আব্দুল বারেক স্থানীয় কয়েকজন যুবকের নাম উল্লেখ করে বলেন, তারাই তাঁকে ছুরিকাঘাত করেছে।
নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁর বাবার পথরোধ করা হয়ে থাকতে পারে। তিনি দুর্বৃত্তদের চিনে ফেলায় তাঁকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









