ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাগাট বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জাকির কসাইয়ের দোকানে বিক্রির জন্য রাখা পচা গরুর মাংসের সত্যতা পাওয়া যায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যবসায়ী জাকির কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি দোকান থেকে উদ্ধার করা প্রায় দুই মণ পচা মাংস জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সূত্রে পচা মাংস বিক্রির তথ্য পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে পচা মাংস ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









