ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের পর গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
এর আগে সোমবার (৬ জুলাই) রাতে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন।
জানা গেছে, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে সমাবেশ করছিল এনসিপি। সমাবেশ চলাকালেই হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌরসভার আনন্দপুর এলাকার আবদুল জলিলের ছেলে মো. সজীব (৩২)।
পুলিশ জানিয়েছে, নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে সজীব যুবলীগের একজন কর্মী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









