শেখ হাসিনার আমলে গঠিত তিনটি সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রবিবার (২৫ অক্টোবর) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে মিরপুরে এনসিপির ঢাকা মহানগর উত্তরের পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘গতকাল আমরা আমাদের বক্তব্যে বলেছি যে বর্তমান সরকার অবৈধ সরকার। কারণ এই সরকার জনগণের ৭০ শতাংশ রায়ের সঙ্গে অবমাননা করেছে। বিএনপি শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ বলে। আমরাও মনে করি অবৈধ। কিন্তু আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। কারণ বিএনপি সরকার ওই তিনটি সংসদকে অবৈধ বলে ঘোষণা করেনি।’’
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে পুরোনো সংসদ ও সংবিধানের ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে নতুনভাবে দেশ পরিচালনা ও রাষ্ট্র গঠনের সুযোগ এখনো রয়েছে।
সংবিধান সংস্কারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পুরোনো সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে একদলীয় সংবিধান সংশোধন কমিটি সবচেয়ে ভালো সংশোধনী আনলেও ভবিষ্যতে তা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি বর্তমান সরকার ও অন্তর্বর্তী সময়কে অবৈধ ঘোষণা করার পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা দেখেছি কীভাবে পঞ্চম সংশোধনী বাতিল করে জিয়াউর রহমানকে একজন ক্ষমতা দখলদার হিসেবে আওয়ামী লীগ ইতিহাসে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। ফলে এটা যে তারেক রহমানের সঙ্গে হবে না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই।’’
নাহিদ ইসলামের ভাষ্য, তারেক রহমানের স্বার্থেও অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন। এর মাধ্যমে পুরোনো সংসদ, পুরোনো অবৈধ সরকার এবং তার ভাষায়, ‘পুরোনো ফ্যাসিস্ট সংবিধানের’ সাংবিধানিক ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সমতল থেকে পাহাড়ে গিয়ে পৌঁছেছে। পাহাড়ে অশান্তির কারণ সম্পর্কে সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, পাহাড়ি অঞ্চলকে শান্ত ও স্থিতিশীল রাখতে সরকার ব্যর্থ হয়েছে। সেখানে কারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো কীভাবে তৎপরতা ও ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। বিষয়টি বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় ভারতের সঙ্গে সরকারের গোপন আঁতাতের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘‘সরকার গোপন আঁতাত করছে ভারতের সঙ্গে। এই গোপন আঁতাতের ফলেই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে।’’
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। পথসভায় আরও বক্তব্য দেন দলের সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ, রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









