ভোলার লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য মো. শরিফ চৌধুরীকে (২৬) ১৬৯ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে লালমোহন পৌরসভার গুদিরপুল এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা। পরে তাকে লালমোহন থানায় সোপর্দ করা হয়।
শরিফ চৌধুরী উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চৌরাস্তা মোড় এলাকার লালু মিয়ার ছেলে। লালমোহন উপজেলায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটিতে শরিফ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ব্যাপারে লালমোহন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়ন এক ফেসবুক পোস্টে জানান, কারো কোনো ব্যক্তিগত অপকর্মের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই নেয়নি এবং নেবে না। ছাত্রদলের সাংগঠনিক নিয়ম ও নীতির বাহিরে কেউ যদি ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে কোনো প্রকার অনিয়ম, অপকর্ম ও দুর্নীতি করে থাকে তার দায়ভার সে নিজেই বহন করবে।
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল রবিবার (২৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, লালমোহন উপজেলার ছাত্রদলের সদস্য মো. শরিফ চৌধুরীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্য়ায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, শরিফকে ১৬৯ পিস ইয়াবাসহ কোস্টগার্ড গ্রেপ্তার করে শনিবার রাতে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









