চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সদস্য ও গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার কে এম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে পৌরসভার উপরাজারামপুর গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটসের কমিশনার আনিসুর রহমান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজারামপুরে নিজ বাসভবনে মারা যান কে এম মাহফুজুর রহমান।
কে এম মাহফুজুর রহমান দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বদলি হয়ে গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে যোগ দেন।
ছাত্রাবস্থা থেকেই স্কাউট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মাহফুজুর রহমান। দীর্ঘদিনের সম্পৃক্ততায় তিনি দক্ষ স্কাউট সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি সদর উপজেলা স্কাউটসের সম্পাদকের দায়িত্বও পালন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









