কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুটি দেশীয় অস্ত্রসহ আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) দুই সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায়।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উখিয়ার ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৯-এর বি/১ ব্লকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উখিয়া ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইমরান ও মো. তৈয়ব।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্প-১৯-এর বি/১ ব্লক এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ ৬ থেকে ৭ জন এআরএ সদস্য জড়ো হয়েছে গোপন সূত্রে এমন খবর পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ সশস্ত্র গোষ্ঠী এআরএ’র দুই সদস্যকে আটক করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন সদস্য পালিয়ে যায়।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম বলেন, ‘‘পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা এআরএ সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ ইমরান ও তৈয়বকে আটক করা হয়।’’
তিনি আরও বলেন, ‘‘তবে তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায়। আটক দুজনের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।’’ পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









