চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান উদ্দীন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলান উদ্দীন ওই গ্রামের মৃত ছয়রদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলান উদ্দীনের পরিবারের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পলান উদ্দীনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









