মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের উজিলপুর গ্রামে নদীর বাঁধ ভেঙে যায়। এর ফলে প্রবল বেগে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানির প্রবল চাপের কারণে বিকেল ৫টার দিকে উজিলপুর এলাকায় মনু নদীর বাঁধের একটি বড় অংশ মুহূর্তের মধ্যেই ধসে যায়। বাঁধ ভাঙার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়।
ইতিমধ্যে নদীর পানি দ্রুতগতিতে লোকালয়ে প্রবেশ করে টেংরা ইউনিয়নসহ আশেপাশের ৫টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আকস্মিক এই ঢলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বসতবাড়ি, রাস্তাঘাট এবং ফসলি জমিতে পানি উঠে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গবাদিপশু নিয়ে মানুষজন আশ্রয়ের খোঁজে ছুটছেন।
পানির তোড় অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
টেংরা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মতিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নদী ভাঙনে এখন পর্যন্ত অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানি বাড়লে আরও ১০টি গ্রামে পানি প্রবেশ করতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









