টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।
গত কয়েকদিন ধরে আবহাওয়া অধিদপ্তর সিলেটসহ সুনামগঞ্জে স্বল্প মেয়াদি বন্যার পূর্বাভাস জানিয়ে আসছে। গত বুধবার থেকে টানা ৩ দিন থেমে থেমে অতি ভারী থেকে ভারী বর্ষণ হয়েছে এবং শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার পর্যন্ত সুনামগঞ্জে ২৬৫ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, ফলে নরজুর, মাগুরাসহ কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
কুশিয়ারা নদীর তীরবর্তী আশারকান্দি, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের বাজারসহ তৎসংলগ্ন নিচু এলাকায় পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে এবং শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত পাইলগাঁও ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে বেড়িবাঁধ ভেঙে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে। এতে পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার, রানীনগরসহ বেড়িবাঁধর বাহিরে থাকা শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। এছাড়াও খানপুর, জালালপুর ও পুরাতন আলাগদি বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
পূর্ব জালালপুর গ্রামের শিপন আহমদ বলেন, ‘‘আমাদের গ্রামের বেড়িবাঁধর একটি অংশ ভেঙ্গে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে, গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষ পর্যন্ত পানি প্রবেশ করেছে। এভাবে পানি প্রবেশ করতে থাকলে বাড়ি ঘরে থাকা অসম্ভব হয়ে পড়বে।’’
রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, ‘‘আমাদের বাজারের প্রধান গলিতে ও দোকানে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করে হাঁটু পানি পর্যন্ত হয়ে গেছে। এতে বাজারে ব্যবসায়ী ও ক্রেতারা দুর্ভোগের শিকার।’’
এ বিষয়ে জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের এসও শেখ ফরিদ জানান, পানির খোঁজখবর নেওয়ার জন্য আমাদের আলাদা শাখা রয়েছে। সেখান থেকে এ বিষয়ে জানা যাবে। আমরা দেখতে পাচ্ছি, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পানিতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘‘যেহেতু বন্যার পূর্বাভাস রয়েছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









