সুন্দরবন সংলগ্ন শরণখোলায় ধানক্ষেতে পেতে রাখা জাল থেকে বিশাল একটি অজগর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার লাকুড়রতলা গ্রাম থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক মিলন তালুকদার আগেরদিন বিকালে মাছ ধরার জন্য তার ধানক্ষেতে চায়না দুয়ারি নামের জাল পেতে রেখেছিলেন। সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে আটকে আছে বিশাল ঐ অজগরটি। এ সময় তারা পার্শ্ববর্তী চাল রায়েন্দা গ্রামের সাপ উদ্ধারকারী শামছু তালুকদারকে মোবাইল ফোনে খবর দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, ধানক্ষেতে পেতে রাখা চায়না দুয়ারি জাল থেকে উদ্ধার করা হয় অজগরটি। উদ্ধারকারীরা ঐ সাপটি নিয়ে আসার পরে সেটি শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। প্রায় ১০ ফুট লম্বা অজগরটির ওজন ৭-৮ কেজি হবে বলে জানান তিনি।
শরণখোলা ভিলেজ টাইগার রেসপন্স টিমের দলনেতা আলম হাওলাদার জানান, খাবারের সন্ধানে সুন্দরবন থেকে প্রতিনিয়ত অজগরসহ বিভিন্ন সাপ লোকালয়ে চলে আসছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









