ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) পৃথক দুটি ঘটনায় বৃষ্টির পর পানি জমে থাকা আয়মন নদী ও কচুয়া বিলে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো গন্ধবপুর গ্রামের মাসুম মিয়ার ছেলে ও নুরুল হেরা ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র মুহিবুল হাসান (১১), এবং বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) ও মো. মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)। তানজিনা ও মারিয়া সম্পর্কে আপন চাচাতো বোন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসা থেকে ছুটি নিয়ে সকালে বাড়িতে আসা মুহিবুল হাসান জুমার নামাজের আগে নতুন বাজার এলাকায় আয়মন নদীতে গোসল করতে নেমে অসাবধানতাবশত তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের তানজিনা ও মারিয়া বিকেল থেকে নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে কচুয়া বিলের পানিতে তাদের সন্ধান পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাদেরও মৃত ঘোষণা করা হয়। এই হৃদয় বিদারক ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি ঘটনাই অত্যন্ত দুঃখজনক এবং এমন মৃত্যু কারো কাম্য নয়। শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যু র ঘটনায় সন্দেহজনক কিছু না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









