খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য ও জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে এসেছে স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান ‘দীঘিনালা মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’। উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা এবং আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে।
জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েন। ঘরবাড়ি ডুবে যাওয়ায় অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। এই পরিস্থিতিতে দীঘিনালা মেডিকেয়ারের একটি বিশেষ দল দুর্গত এলাকা ও আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় শিশু, নারী, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে থাকা গুরুতর অসুস্থ ব্যক্তিদের এই ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।
দীঘিনালা মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালনা কমিটির সদস্যরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। তাই এই সংকটময় সময়ে খাদ্য সহায়তার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার এই ক্ষুদ্র চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এমন কঠিন সময়ে দীঘিনালা মেডিকেয়ারের এই খাদ্য ও চিকিৎসা সহায়তা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বড় স্বস্তির বার্তা দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









