দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
রবিবার (১২ জুলাই) গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি বন্যাদুর্গত মানুষের সহায়তায় যার যার অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানান।
এমপি ফজলুল হক মিলনের এই আন্তরিক আহ্বানে সভায় উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন এবং মানবিক এই উদ্যোগে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেন। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে এমন সম্মিলিত উদ্যোগকে উপস্থিতরা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
সভায় বক্তব্যে এমপি ফজলুল হক মিলন বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।" তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তাঁর এই মানবিক উদ্যোগে দ্রুত সাড়া দেওয়ায় সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান গাজীপুর-৫ আসনের এই সংসদ সদস্য।
উপস্থিত সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এ ঘোষণা বন্যাদুর্গত মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, যা অন্যদেরও আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









