মাদারীপুর সদর থানা এলাকার ৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আল-আমিন হাওলাদারকে (২৮) ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় চাপাতিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (১২ জুলাই) জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর মডেল থানার থানতলী এলাকার ‘ম্যাজিক চায়ের কর্নার’ দোকানের সামনে অভিযান চালিয়ে আল-আমিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার আল-আমিন হাওলাদার মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা বা সিডিএমএস (CDMS) যাচাই করে তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ৩০টি মামলার তথ্য পাওয়া গেছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় পলাতক থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
পুলিশ আরও জানায়, এই গ্রেপ্তারের ঘটনায় মাদারীপুর সদর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









