গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল, ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। তিনি মহানগর গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার বলেন, ‘‘মহানগর এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ (পর্নোগ্রাফিসহ), অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে জড়ানো, হানি ট্র্যাপ, ভিসা জালিয়াতিসহ বিভিন্ন ধরনের জালিয়াতি, মাদক তৈরির কারখানা এবং ভেজাল মসলা ও ভেজাল ওষুধসহ বিভিন্ন ভেজাল পণ্যের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে নিয়মিত ও পরিকল্পিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি সংস্কারকৃত নতুন আইন, বিশেষ করে সন্ত্রাস দমন আইন ও জুয়া আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার নির্দেশনা দেন।’’
তিনি আরও বলেন, ‘‘অপরাধ দমনে প্রয়োজনে ছদ্মবেশে গোয়েন্দা অভিযান পরিচালনা করতে হবে। দিন-রাত ২৪ ঘণ্টা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখে বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন নাইট কোচের যাত্রাবিরতির স্থান, গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং অপরাধপ্রবণ এলাকায় নিবিড় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।’’
সভায় টঙ্গীসহ মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার, ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন, অনলাইনভিত্তিক প্রতারণা, পর্নোগ্রাফি-সংশ্লিষ্ট অপরাধ, হানি ট্র্যাপ এবং স্ট্যাম্প ও ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা তৎপরতা জোরদার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









