নরসিংদী সদর পৌরসভার নাগরিয়াকান্দি ও শালিধা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ। স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি লাঘবে তিনি ভেকু (খননযন্ত্র) নিয়ে এলাকায় উপস্থিত হয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তায় পানি জমে থাকায় চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়ছিলেন। বিষয়টি জানতে পেরে সিদ্দিকুর রহমান নাহিদ নিজ উদ্যোগে ভেকু এনে ড্রেন ও পানি চলাচলের পথ পরিষ্কারের ব্যবস্থা করেন।
সাধারণ মানুষের দুর্ভোগ কমানোই তাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও জনগণের যেকোনো সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্দিকুর রহমান নাহিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ‘‘একটি এলাকার পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যাওয়া এবং জন দুর্ভোগ চরম আকার ধারণ করবে, এই সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ, বর্জ্য অপসারণ, বিদ্যমান ড্রেন ও নালাগুলো নিয়মিত পরিষ্কার ও খনন করা প্রয়োজন যাতে পানি প্রবাহ বাধাগ্রস্ত না হয়।’’
এ ব্যাপারে নরসিংদী পৌর প্রশাসক নাদিরা আক্তারের সাথে যোগাযোগ-এর চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









