জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডালাস কনসার্টের মঞ্চেই ভক্তদের সামনে বাগদানের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১১ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের হবু বর শেখর চৌধুরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী এই গায়িকা সম্প্রতি ভারত সফরে এসেছেন। সেই সফরের প্রথম কনসার্টেই ভক্তদের জন্য বিশেষ চমক হিসেবে নিজের বাগদানের খবর জানান জেসমিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে শেখর চৌধুরীকে ডেকে নেন ৪০ বছর বয়সী এই শিল্পী।
এরপর দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “এই মানুষটিই আমার জীবনসঙ্গী।” এ সময় নিজের বাগদানের আংটিও সবার সামনে প্রদর্শন করেন। সুখবর শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা।
ঘোষণার পর ‘লাভান’ গানের তালে হবু বর শেখর চৌধুরীর সঙ্গে নাচতেও দেখা যায় জেসমিনকে।
দিল্লির এই কনসার্ট দিয়েই শুরু হয়েছে জেসমিন স্যান্ডালাসের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’।
অনুষ্ঠানে তিনি ‘লাভান’, ‘সিপ সিপ’, ‘পাঞ্জেবা’, ‘শারারাত’, ‘যাইয়ে সাজনা’, ‘তারাস’, ‘ইলিগ্যাল উইপন’ ও ‘ইয়ার না মিলে’সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন।
শেখর চৌধুরী জনসম্মুখে খুব বেশি পরিচিত না হলেও জেসমিনের ভক্তদের কাছে তিনি নতুন নন। গায়িকার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট, ভিডিও এবং কনসার্টে তাকে প্রায়ই দেখা গেছে। জানা গেছে, তিনি জেসমিনের টিমেরই একজন সদস্য।
২০১৪ সালে বলিউডে সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন জেসমিন স্যান্ডালাস। পরে পাঞ্জাবি সংগীতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০১৭ সালে পাঞ্জাবি গায়ক গ্যারি সান্ধুর সঙ্গে জুটি বেঁধে ‘ইলিগ্যাল উইপন’, ‘সিপ সিপ’ ও ‘লাড্ডু’র মতো জনপ্রিয় গান উপহার দেন।
পেশাগত সম্পর্ক থেকে একসময় ব্যক্তিগত সম্পর্কেও জড়ান জেসমিন ও গ্যারি। ২০১৮ সালে তাদের গোপন বাগদানের গুঞ্জনও শোনা যায়। তবে ২০১৯ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। পরে গ্যারি সান্ধু জানান, জেসমিনকে পর্যাপ্ত সময় দিতে না পারাই বিচ্ছেদের অন্যতম কারণ ছিল।
বিচ্ছেদের পর কিছু সময় সংগীতজগত থেকে দূরে থাকলেও পরে নতুন উদ্যমে কাজে ফেরেন জেসমিন। ২০২৪ সালে ‘মুঞ্জা’ সিনেমার ‘তারাস’ গান দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। এরপর ‘উলাঝ’, ‘রেড টু’, ‘থাম্মা’, ‘ইক্কিস’ এবং শাহরুখ খানপুত্র আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’ সিরিজেও কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি ‘ধুরন্ধর’ সিনেমায় ‘শারারাত’ গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









