নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজারের সানলাইট সিনেমা হল এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিশোরীর সন্ধানে কাজ করছে পুলিশ।
নিখোঁজের বড় বোন সাদিয়া আক্তার, ৯ জুলাই দুপুরে খাবার খাওয়ার সময় পারিবারিকভাবে বকাঝকার একপর্যায়ে অভিমান করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ছাইবা আক্তার। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে রবিবার ছাইবার বড় বোন সাদিয়া আক্তার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে পুলিশও কিশোরীর অবস্থান শনাক্তে অনুসন্ধান শুরু করেছে।
স্থানীয়রা বলেন, ছাইবা বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় তাকে নিয়ে তাদের উদ্বেগ আরও বেড়েছে। পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। যে কোনো তথ্যের আশায় তারা আত্মীয়স্বজন ও পরিচিতদের মাধ্যমে বিভিন্ন স্থানে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, কিশোরী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধান পেতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









