দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত ঘেঁষা কাটলা ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাটলা হলি চাইল্ড স্কুল থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৮ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
জানা গেছে, বিরামপুর শহর থেকে ৮ কিলোমিটার দূরে সীমান্তবর্তী কাটলা এলাকায় মানসম্মত কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ঐ এলাকার শিক্ষার্থীদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হয়ে আসছিল। এম.এ. পাশ করার পর মো. সায়েদ আলী সরকার চাকুরী না খুঁজে এলাকার শিশুদের জন্য ২০০১ সালে গড়ে তোলেন কাটলা হলি চাইল্ড স্কুল। সেখানে মানসম্মত পাঠদানের ফলে দিনে দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট স্কুলটি ভরসার বিদ্যাপীঠ হিসেবে পরিনত হতে শুরু করে।
প্রতিবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, জেএসসি ও এসএসসি পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফলের কারণে এখন স্কুলটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এবার ঘোষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে কাটলা হলি চাইল্ড স্কুল থেকে ৮ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের সাফল্যে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উৎসবের আমেজে মেতে উঠেছেন।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ট্যালেন্টপুলে মো. আলমাস, সাধারণ গ্রেডে মালিহা আলম খুশি, রুবাইয়া আহমেদ সেজদা, মেফতাহুন জান্নাত মালিহা, স্নেহা তাবাসসুম রুহি, জাসিয়াতুন মুন, তাহমিদ হাসান এবং মুশফিকুর বিন তুরান শেখ।
কাটলা হলিচাইল্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সায়েদ আলী সরকার বলেন, ‘‘এই স্কুলে অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান, শিক্ষার্থীদের পাঠ গ্রহণে আগ্রহ, অভিভাবকগণের সচেতনতা মিলে সকলেও প্রচেষ্টায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনে সক্ষম হচ্ছে। এধারা অব্যাহত থাকলে আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









