গাজীপুরের শ্রীপুরে দুই শিশু সন্তানের সামনে পোশাক শ্রমিক নাসিমা আক্তারকে (২৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সাইদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব ১। ঘটনার পর আত্মগোপনে চলে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে র্যাব ১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার সাইদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গিদাপাড়া (বাদরাকান্দা) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার হামিম টাওয়ারের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত নাসিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খৈলাসপুর (বনপাড়া) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী (লিচুবাগান) এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ওয়ানটেক্স পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সঙ্গে ছিল আট বছরের মেয়ে সামিয়া ও পাঁচ বছরের ছেলে জিসান।
র্যাব জানায়, সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি নিয়মিত স্ত্রীর কাছে অর্থ দাবি করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। গত রবিবার (১২ জুলাই) নাসিমা কারখানা থেকে বেতন নিয়ে বাসায় ফেরেন। রাতে সাইদুল তার কাছে তিন হাজার টাকা দাবি করেন। কিন্তু নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাইদুল দুই শিশু সন্তানের সামনেই ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত নাসিমা ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের পরপরই সাইদুল পালিয়ে আত্মগোপনে চলে যান।
ঘটনার পর র্যাব ১ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার হামিম টাওয়ারের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই রাতেই তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার সাইদুল ইসলামকে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রবিবার (১২ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী (লিচুবাগান) এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক কেনার টাকার দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক বিরোধের জেরেই দুই নিষ্পাপ শিশুর সামনে তাদের মাকে নির্মমভাবে হত্যা করে সাইদুল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









