ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে সরকারের বিশেষ উদ্যোগের আওতায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল পরিশোধ কার্যক্রম দেশের প্রথম ব্যাংক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সফলভাবে বাস্তবায়ন করেছে। এ কার্যক্রমের আওতায় মোট ২ লাখ ২৯ হাজার ৯৩৩টি কৃষক পরিবারের মোট ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার ঋণ সরকারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংক জানায়, এ কার্যক্রমের মধ্যে রংপুর বিভাগের ১ লাখ ৭৯ হাজার ২৭৮টি কৃষক পরিবারের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকার ঋণ এবং রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৩৭টি কৃষক পরিবারের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ সরকারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ায় উপকৃত কৃষকরা নতুন করে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
কৃষকদের এ বিশেষ সুবিধা প্রদানের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া এ উদ্যোগ বাস্তবায়নে রাকাব নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ে কার্যক্রম সম্পন্ন করেছে। ভবিষ্যতেও কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রাকাব কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









