গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন এবং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসানের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশকে ঘিরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘‘দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়নের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নকে সমাবেশের অন্যতম দাবি হিসেবে তুলে ধরা হবে।’’
তিনি জানান, বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিটি উপজেলা থেকে বাস, লঞ্চ ও অন্যান্য যানবাহনে নেতাকর্মী এবং সমর্থকরা সমাবেশে যোগ দেবেন। আয়োজকদের প্রত্যাশা, লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এটি দক্ষিণাঞ্চলের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশে পরিণত হবে।
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিও এই সমাবেশে গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা এবং জনকল্যাণমুখী উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানানো হবে।
আয়োজকরা জানান, সমাবেশকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ের সমন্বয়, পরিবহন ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও কামনা করেন তারা।
উল্লেখ্য, আগামী ১৮ জুলাই (শনিবার) দুপুর ২টায় বরিশাল নগরীর ঈদগাহ মাঠে ১১ দলের উদ্যোগে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









