জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে জেলার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতিকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের আদর্শ ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









