যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা গ্রিড লক্ষ্য করে হামলা চালায়, তাহলে হরমুজ প্রণালীর মতো লোহিত সাগরে তেল পরিবহনের পথ বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি সম্পর্কে অবগত উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুটি সূত্র জানিয়েছে, লোহিত সাগরে সম্ভাব্য অবরোধের বিষয়টি নিয়ে নেতাদের মধ্যে আলোচনা ও সেই বার্তা হুতিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বার্তাটি কীভাবে হুতিদের কাছে পাঠানো হয়েছে সে ব্যাখ্যা দেওয়া হয়নি। তারা জানিয়েছে, তেহরানের অনুরোধ সম্পর্কে হুতিরা জানতে পেরেছে। রয়টার্স বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুতিদের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক সাড়া পায়নি।
হুতিদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরের কাছে একটি পার্বত্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। এখন চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছে।
ইরান হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা বাব এল-মান্দেব বন্ধ হলে দ্বিগুণ হবে। হুতিদের ঘনিষ্ঠ সূত্রটি আরও জানায়, ইয়েমেনে অবস্থানরত আইআরজিসির প্রতিনিধিরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিয়ন্ত্রণ করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









