চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযানে ১২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাওকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫১ হাজার ৭০০ টাকা।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ৫৩ বিজিবির অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে, ১৬ জুলাই সকাল ৯টার দিকে একই বিওপির আরেকটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে আরও ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় এ ক্ষেত্রেও কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, শুল্ক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জব্দকৃত ২০টি ভারতীয় মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় চলতি জুলাই মাসেই ৫৩ বিজিবি একাধিক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে। ব্যাটালিয়নের তথ্যমতে, এ মাসে এখন পর্যন্ত একজন আসামিকে আটক করার পাশাপাশি ২৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল মদ এবং ২১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বলেন, ‘‘সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









