চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মাহারাজপুর ইউনিয়নের ফিল্টারহাট সংলগ্ন মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
নিখোঁজ হাসিব মাহারাজপুর ফিল্টারহাট এলাকার বাসিন্দা বাশির উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হাসিব তার দুই বন্ধুকে নিয়ে মহানন্দা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা নদীর অপেক্ষাকৃত গভীর অংশে চলে গেলে হঠাৎ তিনজনই পানিতে তলিয়ে যেতে শুরু করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় দুই শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হাসিব নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় এবং এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে নদীর তীরে শত শত উৎসুক মানুষ ভিড় করেন। নিখোঁজ শিক্ষার্থীর স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা নৌকা ও জাল ব্যবহার করে প্রাথমিকভাবে খোঁজাখুঁজি চালালেও বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। নদীর সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, ‘‘মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’’
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মহানন্দা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক স্থানে গভীরতা ও স্রোত বেড়ে গেছে। এরপরও অসচেতনতার কারণে অনেক কিশোর-তরুণ নদীতে গোসল করতে নামছে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা নদীর ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।
উদ্ধার অভিযান চলমান রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থী হাসিবের কোনো সন্ধান পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









