দৃঢ় মনোবল, শৃঙ্খলা আর সমাজসচেতনতার বার্তা বুকে ধারণ করে টানা পাঁচ দিনে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ রোভার স্কাউট গ্রুপের তিন সিনিয়র রোভার মেট।
প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের অন্যতম শর্ত পূরণে এই ব্যতিক্রমী অভিযানে তারা বহন করেছেন পরিবেশ সংরক্ষণ, মানসিক স্বাস্থ্য এবং গুজববিরোধী সচেতনতামূলক বার্তা।
রবিবার (১২ জুলাই) সকাল ৭টায় বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করেন রোভার শাহরিয়ার রহমান হাছিব, মশিউর রহমান আবির ও সাজিদুল ইসলাম সিজান।
টানা পাঁচ দিনের পদযাত্রা শেষে বৃহস্পতিবার (১৭ জুলাই) তারা দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটার জিরো পয়েন্টে পৌঁছে সফলভাবে এই পরিভ্রমণ সম্পন্ন করেন।
পরিভ্রমণসূচি অনুযায়ী, প্রথম দিনে তারা ২৬ দশমিক ৭ কিলোমিটার, দ্বিতীয় দিনে ২২ কিলোমিটার, তৃতীয় দিনে ৩৪ কিলোমিটার, চতুর্থ দিনে ৩৮ কিলোমিটার এবং শেষ দিনে ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করেন। সব মিলিয়ে প্রায় ১৫০ কিলোমিটারের এই দীর্ঘ যাত্রা তারা সম্পন্ন করেন নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী।
রোভার শাহরিয়ার রহমান হাছিব জানান, প্রথম দিনে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে বিরতি দিয়ে বাকেরগঞ্জ সরকারি কলেজে রাত্রিযাপন করেন তারা। দ্বিতীয় দিনে ১২ নম্বর উত্তর কার্তিকপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরতি শেষে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে, তৃতীয় দিনে ইউনুস আলী খান ডিগ্রি কলেজে বিরতির পর বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, চতুর্থ দিনে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং পঞ্চম দিনে ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ে বিরতি দিয়ে কুয়াকাটার জিরো পয়েন্টে পৌঁছে যাত্রার সমাপ্তি টানেন।
রোভার মশিউর রহমান আবির বলেন, ‘‘রোভার স্কাউটের সর্বোচ্চ স্বীকৃতি ‘প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজের শর্ত পূরণ করতেই এই দীর্ঘ পদযাত্রার উদ্যোগ নেওয়া হয়। পুরো অভিযানে তারা তিনটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন— ‘ধ্বংস নয়, সৃষ্টি করি; জীববৈচিত্র্য রক্ষা করি’, ‘মনের যত্ন নিন, সুন্দর জীবন গড়ুন’ এবং ‘সত্যের পাশে থাকুন, গুজবকে না বলুন’।’’
রোভার সাজিদুল ইসলাম সিজান জানান, পদযাত্রার পুরো সময়জুড়ে তারা বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর পরিদর্শনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে স্কাউটিং কার্যক্রম ও সমাজসচেতনতার বার্তা তুলে ধরেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









