হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মানুষের সেবা ও কল্যাণ নিশ্চিত করেই জনগণের মন জয় করতে চাই। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
শনিবার (১৮ জুলাই) সকালে মাধবপুর উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, “চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দিতে হবে। হাসপাতালের খাবারের মান আরও উন্নত করতে হবে এবং হাসপাতাল সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমি মানুষের সেবা করতে চাই। জনগণ যাতে ভালো সেবা পায়, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”
তিনি আরো বলেন, “সমাজে চুরি, ডাকাতি ও অস্থিরতা সৃষ্টি করে যারা মানুষের শান্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণের নিরাপত্তা ও সমাজের শান্তি বজায় রাখাই প্রশাসনের প্রথম দায়িত্ব।”
এমপি বলেন, “সরকার মাধবপুর উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করেছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে উপজেলার মানুষ আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পাবে। হাসপাতালের চিকিৎসক সংকট, ওষুধের স্বল্পতা, অ্যাম্বুলেন্স ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়েও চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা প্রশংসার দাবি রাখে।”
সৈয়দ মো. ফয়সল আরো বলেন, “ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় বর্তমান সুযোগ-সুবিধা যথেষ্ট নয়। তাই প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের মাধ্যমে হাসপাতালকে পূর্ণাঙ্গ ১০০ শয্যার হাসপাতালে পরিণত করতে হবে মাধবপুর উপজেলা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় তিনি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন তিনি।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিভিন্ন সরকারি
দপ্তরের কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









