পিরোজপুরের নেছারাবাদে কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে আনা সমকামিতার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার স্বরূপকাঠি পৌরশহরের উপজেলা সড়কের রিকশা শ্রমিক অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লা।
এর আগে গত ১৫ জুলাই একই কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলাম ও মো. ইশতিয়াক সংবাদ সম্মেলন করে আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আনেন। ওই ঘটনার তিন দিনের মাথায় শনিবার পাল্টা সংবাদ সম্মেলন করে সব অভিযোগ অস্বীকার করেন তিনি।
লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম মোল্লা দাবি করেন, তিনি সুনামের সঙ্গে কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শের সংগঠনে কোনো অপরাধীর স্থান নেই।
তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রাজনীতি করায় একটি মহল রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি নিজেকে ‘গ্রুপিং রাজনীতির শিকার’ বলেও উল্লেখ করেন।
আরিফুল ইসলাম মোল্লা জানান, তার বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









