পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের পাটগাড়ি এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস ও ট্রাকের দুই চালক আহত হলেও কোনো যাত্রীর প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে পাটগাড়ি চেকপোস্ট থেকে প্রায় ৫০ মিটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পাবনা থেকে ঢাকাগামী শাহজালাল এক্সপ্রেস এবং বগুড়া থেকে পাবনাগামী একটি ফাঁকা ট্রাক একে অপরকে অতিক্রম করার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে বাস ও ট্রাক সড়কের দুই পাশে ছিটকে যায়। এতে উভয় যানবাহনের সামান্য ক্ষয়ক্ষতি হলেও বাসের কোনো যাত্রী গুরুতর আহত হননি।
দুর্ঘটনায় বাস ও ট্রাকের দুই চালক আহত হলে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও দ্রুত দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে ফেলার ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিষয়টি মাধপুর হাইওয়ে পুলিশকে জানানো হয়, কারণ ঘটনাস্থলটি হাইওয়ে পুলিশের আওতাভুক্ত।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ গ্রহণ করবে। বর্তমানে ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না থাকায় উভয় পক্ষ আপত্তি না থাকার মুচলেকা দিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









