নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দীর্ঘদিনের প্রত্যাশিত আড়াইহাজার-পুরিন্দা সড়কের উন্নয়নকাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১১ দশমিক ৫ কিলোমিটার মূল সড়ক এবং ২ কিলোমিটার সংযোগ সড়ক নিয়ে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেনকরেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির উন্নয়ন সম্পন্ন হওয়ায় তাদের যাতায়াতে সময় ও খরচ দুটিই কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সড়কটির উন্নয়নকাজ শুরু করতে একাধিকবার দরপত্র (টেন্ডার) আহ্বান করা হলেও বিভিন্ন কারণে তা বাতিল হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন করে দরপত্র আহ্বান করা হলে প্রকল্পটির কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার পর শনিবার আনুষ্ঠানিকভাবে সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ নজরুল ইসলাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সড়কের দুরবস্থার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছিলেন। সড়কটি চালু হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে একটি সমৃদ্ধশালী ও প্রগতিশীল আড়াইহাজার গড়ব। যেখানে থাকবেনা চাদাবজি, থাকবেনা মাদক, থাকবেনা কোন দখলদারিত্ব। এ বিষয়ে তিনি আড়াইহাজারের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, আড়াইহাজার ইউএনও মো. আসাদুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, ওসি সবজেল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা পবিত্র মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার-পুরিন্দা সড়কের বৃক্ষরোপণ, ১৬৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১কোটি ৬৫ লক্ষ টাকার বিশেষ অনুদান প্রদান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









