পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পিরোজপুর প্রেসক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, মানবিক আবেদনমূলক প্রতিবেদন ও ফিচার, পুলিশের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক এবং সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক মাহামুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী এবং কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাস। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রশিক্ষক হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান সাংবাদিকতা ও পুলিশের পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। আমি চাই সাংবাদিকরা নিজেরা দুর্নীতি ও অনিয়ম থেকে দূরে থাকবেন এবং লেখনীর মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন।”
তিনি আরও বলেন, “জেলা তথ্য অফিসের মাধ্যমে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতি তিন মাস পরপর জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।”
শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









