সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আধুনিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে ৪ মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের ব্যক্তিগত অর্থায়নে 'আস্থা আইটি একাডেমি'র ব্যানারে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে দিরাই পৌর শহরের শ্যামারচর রোডে অবস্থিত শিশির মনিরের নিজ বাসভবনে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
দিরাই ও শাল্লা উপজেলার বিপুল সংখ্যক কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ‘আস্থা আইটি একাডেমি’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
তিনি তার বক্তব্যে বলেন, "আমার নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য আধুনিক কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি ছিল, এটি তারই একটি বাস্তব প্রতিফলন। দিরাই-শাল্লার বেকার তরুণ-তরুণীদের নতুন কর্মক্ষেত্র তৈরি করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো।"
ব্যাংকার আনিসুল হক চৌধুরী মুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী, ইবনে সিনা রিকাবী বাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল আমিন। বক্তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং যুবসমাজকে এই সুযোগের সঠিক ব্যবহার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের কোর্সের মূল লক্ষ্য, ক্লাস পরিচালনার নিয়ম-কানুন, ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন আইটি প্রশিক্ষক হোসাইন আহমদ। সংশ্লিষ্টরা আশা করছেন, ৪ মাসের এই নিবিড় প্রশিক্ষণ শেষে স্থানীয় তরুণ-তরুণীরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে সক্ষম হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









