শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তার বার্তা পৌঁছে দিতে খাগড়াছড়ির দীঘিনালায় একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
রবিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার মেরুং ইউনিয়নের ৪ নম্বর টাওয়ার টিলা এলাকায় অবস্থিত দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। তিনি প্রতিষ্ঠানটির প্রায় ২৫০ জন ছাত্রীর মাঝে ৪০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেজুর, চিড়া, বিস্কুট, মুড়িসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়।
এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, “শিক্ষার্থীদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গাছ শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আশীর্বাদ। তাই আমরা চাই প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিক। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও শিক্ষা, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের কল্যাণে দীঘিনালা জোন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদ্রাসা ও এতিমখানায় সেনাবাহিনীর এ ধরনের সহায়তা কার্যক্রমকে তারা সাধুবাদ জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









