পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে পাবনা জেলা পুলিশ সুপার মো. সুফি উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর এলাকার খান বাহাদুর রোডের ১৩৫৫ নম্বর একতলা ভবনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শেখ লিটন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে শয়নকক্ষের তোশকের নিচে রাখা একটি জিপার ব্যাগ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ লিটন স্বীকার করেন, “তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। এছাড়া সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য গুরুতর অপরাধে একাধিক পূর্বের মামলা থাকার তথ্য পাওয়া গেছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









