চাঞ্চল্যকর ও নৃশংস শিশু জান্নাতুল হত্যা মামলার অন্যতম প্রধান ও পলাতক আসামি মজিবুরকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
রবিবার (১৯ জুলাই) ময়মনসিংহ র্যাব-১৪ হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মজিবুর নেত্রকোনা জেলার বাসিন্দা।
র্যাব জানায়, গত ৪ মে বিকেলে কলমাকান্দা থানার হুগলি গ্রামের মোঃ আর্শাদ মিয়ার শিশু কন্যা জান্নাতুল নিখোঁজ হয়।
নিখোঁজের পর পরিবার কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে ৬ মে সকালে বাড়ির পাশের একটি ফসলি জমির আইল থেকে মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা অবস্থায় শিশু জান্নাতুলের ক্ষতবিক্ষত ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জান্নাতুলের পিতা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আসামি মজিবুর গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।
র্যাব-১৪ এর একটি চৌকস দল মামলাটির ছায়াতদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র্যাব-১০ (যাত্রাবাড়ী) এর সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









