গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পা (২১) অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। রবিবার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে পালানোর তিন দিনের মাথায় তাকে আটক করা হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা পালিয়ে যান। এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তাকে খুঁজে বের করার অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রিম্পা কারাগারের নিরাপত্তা প্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয় এবং কারাগারের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়।
কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, রিম্পা পালানোর সময় কারাগারের ভেতরে ফ্লাডলাইটের আলোয় কারা স্টাফদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। সে সময় উঁচু ওয়াচ টাওয়ারে দায়িত্বে থাকা কয়েকজন কারারক্ষীও খেলা দেখায় ব্যস্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তার এই ফাঁকফোকরের সুযোগ নিয়ে রিম্পা প্রাচীর টপকে কারাগার থেকে বেরিয়ে যান। পরে নিয়মিত বন্দি গণনার সময় তার অনুপস্থিতি ধরা পড়ে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
জানা গেছে, চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। তার পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন কারারক্ষীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









