ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যায়।
র্যাব-১০-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার
রবিবার (২০ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে একটি কাভার্ড ভ্যান দেখতে পায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উদ্ধার করা মাদক ও জব্দকৃত কাভার্ড ভ্যান সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









