সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বাজার এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের সাত্তার খানের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কালিঞ্জা গ্রামে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। খেলা চলাকালীন সময়েই স্থানীয় বাসিন্দা রাসেলের সঙ্গে ইলিয়াসের কথাকাটাকাটি ও বাগবিতণ্ডা হয়।
এরই জেরে রাতে কালিঞ্জা বাজার এলাকায় ইলিয়াসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, পূর্বশত্রুতার জের ধরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাসেল ও তার ছেলে সিয়াম পলাতক রয়েছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









