পাবনার বেড়ায় তিন মাদক কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার ত্রিমোহনী বাজার ও তালিম নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—কুখ্যাত ইয়াবা কারবারি জনি (৩৫), রানা (৪০) ও সুধান হালদার (৩৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত জনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে এক বছর তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অপরাধের ধরণ অনুযায়ী অপর দুই অভিযুক্ত রানা ও সুধান হালদারকে যথাক্রমে তিন মাস এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, বেড়া উপজেলাকে মাদক মুক্ত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আমিনপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আদালতকে সহযোগিতা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









